প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

বাংলাদেশ গ্লোবাল
2 Min Read

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার বিষয়ে ইশরাক হোসেন বলেন, ‘যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি এই অভিযানের মাধ্যমে, সেটার জন্য আগে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি। আমি কেবল আমার নিরাপত্তার জন্য আমার হাতে অস্ত্রটুকু যতটুকু সময় প্রয়োজন রেখেছিলাম, পরবর্তীকালে সেটি আর আমার দৃশ্যমান হয়নি।’

Ishraque Hossain
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন।

 

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

ইশরাক হোসেন আরও বলেন, ‘আজকের দিন হতে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং আমি উনাকে বলেছি পুরো সময়টাতে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা, পরবর্তীতে আরও যদি এলাকা থাকে সেখানকার মাদক নির্মূল এবং আমাদের জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। তিনি সম্মত হয়েছেন। সদয় সম্মত হয়েছেন। এবং আমাকে সুযোগ করে দিয়েছেন, ঠিক আছে যাও এলাকা ঠিক করে এলাকায় কাজ করো।’

 

সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই প্রেসক্লাবে আসেন ইশরাক। এ সময় তাঁর সঙ্গে শত শত নেতা–কর্মী ছিলেন। প্রেসক্লাবে আসার পর নেতা–কর্মীরা ইশরাকের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। তাঁরা ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ স্লোগান দেন।

 

নেতা–কর্মীদের কারও কারও হাতে ফুলের তোড়াও দেখা যায়। ইশরাক প্রেসক্লাব প্রাঙ্গণে এলে নেতা–কর্মী ও গণমাধ্যম কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। এরপর নেতা–কর্মীদের দ্বারা বেষ্টিত হয়ে প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে যান ইশরাক। তখনো হলের ভেতরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন নেতা–কর্মীরা। দুপুর পৌনে দুইটার দিকে ইশরাক হোসেন কালো রঙের গাড়িতে করে প্রেসক্লাবের ফটক দিয়ে ঢোকেন।

ইশরাক হোসেন

এর আগে, সকাল সাড়ে আটটার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন জানান, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন। পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, তিনি আজ দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।

সংবাদটি শেয়ার করুন