
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের চতুর্থ দিনে দেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। মহানবমীর পূজা শেষে শুরু হবে দেবীর বিদায়ের ক্ষণগণনা। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
মহানবমীতে দেবী দুর্গার পূজা, মহাআরতি ও বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজা শেষে ভক্তরা অঞ্জলি নিবেদন করেন। বিভিন্ন মণ্ডপে বিতরণ করা হয় প্রসাদ। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি উৎসবের শেষ প্রান্তে এসে ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে দেবীর বিদায়ের বিষাদ।
হিন্দুশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ আচার সন্ধিপূজা। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিটের মধ্যবর্তী সময়কে সন্ধিক্ষণ বলা হয়। এ সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। সন্ধিপূজায় ১০৮টি প্রদীপ জ্বালানো ও ১০৮টি পদ্মফুল নিবেদনের প্রচলিত রীতি রয়েছে।
গত শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় এবারের শারদীয় দুর্গোৎসব। এরপর মহাসপ্তমী ও মহাষ্টমীর আনুষ্ঠানিকতা শেষে আজ পালিত হচ্ছে মহানবমী। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসবের সমাপ্তি ঘটবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এরপর কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা।

