দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি পেয়ে রাজধানী ঢাকা ছাড়ছেন অনেকে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড় ও আশপাশের বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে বাড়তি যাত্রীর চাপের সুযোগে কোনো কোনো রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
পরিবহন মালিক ও শ্রমিকদের ভাষ্য, রাজধানীর অন্যতম বড় বাস টার্মিনাল সায়েদাবাদ ও আশপাশের এলাকায় সকাল থেকেই যাত্রীদের আনাগোনা বেড়েছে। ছুটি শুরু হওয়ায় বিভিন্ন গন্তব্যে যেতে বাসের জন্য অপেক্ষা করছেন অনেকে।
শরীয়তপুর রুটে বাড়তি ভাড়ার অভিযোগ
যাত্রাবাড়ী চৌরাস্তার উত্তর প্রান্ত থেকে শরীয়তপুর রুটে চলাচলকারী ফেম পরিবহনের টিকিট বিক্রেতা শাহ আলম বলেন, ছুটি শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। আগের দিনও যাত্রীদের চাপ ছিল। শরীয়তপুর যেতে ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা।
শরীয়তপুরের নড়িয়া যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন মোহাম্মদ মোকাম্মেল হোসেন। তিনি বলেন, বাসের পাশাপাশি যাত্রীর সংখ্যাও বেশি। তাঁর অভিযোগ, আগে শরীয়তপুরের ভাড়া ছিল ২৫০ টাকা। জ্বালানি তেলের দাম বাড়ার পর তা ২৮০ টাকা করা হয়। কিন্তু এখন নেওয়া হচ্ছে ৩০০ টাকা।
বরিশাল ও কুমিল্লা রুটেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ
সায়েদাবাদের জনপথ মোড়ে পরিবারের সদস্যদের নিয়ে বরিশাল যাওয়ার অপেক্ষায় ছিলেন আব্দুর রহমান। তিনি একটি ভোগ্যপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁর শ্বশুরবাড়ি বরিশালে। ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে সেখানে বেড়াতে যাচ্ছেন তিনি।
আব্দুর রহমানের অভিযোগ, বরিশালের লোকাল বাসের ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা হলেও এখন ৬০০ থেকে ৭০০ টাকার নিচে কোনো বাস ভাড়া পাওয়া যাচ্ছে না।
কুমিল্লা রুটেও ভাড়া ৩০০ টাকা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। তাঁদের ভাষ্য, অন্য সময়ে এ রুটে ভাড়া থাকে ২০০ থেকে ২৫০ টাকা। তবে তিশা পরিবহনের কর্মী শাহাদাত হোসেনের দাবি, তাঁরা সরকারি নির্ধারিত ভাড়ার বেশি নেন না। অন্য সময়ে ভাড়া কম থাকে বলেও জানান তিনি।
টানা পাঁচ দিনের ছুটি
মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে টানা পাঁচ দিনের ছুটি। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি কাটাবেন। এ সময়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতও বন্ধ রয়েছে।
ছুটি উপলক্ষে সোমবার বিকেল থেকেই বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানে ২২ অক্টোবর বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করায় টানা পাঁচ দিনের অবকাশের সুযোগ তৈরি হয়েছে। এর আগে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা ছিল।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবরের ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

