
ফ্রান্সে উত্তাল পরিস্থিতির পর এবার ইতালিতেও ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ ও সহিংসতা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং দ্য গার্ডিয়ানের প্রতিবেদন জানাচ্ছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জনসেবার মান অবনতির প্রতিবাদে উত্তপ্ত ইউরোপের অন্যতম প্রধান এই দেশটি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ফ্যাশন ও অর্থনীতির কেন্দ্রবিন্দু মিলান শহরে টানা দু’দিন ধরে চলা সহিংসতা ও লুটপাটে প্রায় ১০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। নতুন করে সহিংসতা এড়াতে শহরের অভিজাত এলাকার বিলাসবহুল শোরুম থেকে মূল্যবান পণ্য সরিয়ে নেওয়া হয়েছে এবং কাঠের পাটাতন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে দোকানের জানালা।

রয়টার্স ও দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী, পরিস্থিতি কঠোর হাতে দমন করতে মিলান সুরক্ষায় শহরটিতে অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে সরকার। উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে নতুন এই নিরাপত্তা ব্যবস্থা ও বিশেষ প্যাকেজ অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
রোববারের সহিংস ঘটনায় এ পর্যন্ত দুই শতাধিক তরুণকে আটক এবং বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একটি বড় অংশই অপ্রাপ্তবয়স্ক ও বিদেশি নাগরিক।
কিশোর গ্যাং ও সংঘবদ্ধ সহিংসতা ঠেকাতে প্রিভেনটিভ ডিটেনশন বা আটকের আইন আরও কঠোর করার পরিকল্পনা করছে মেলোনি প্রশাসন।
দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জীবনযাত্রার ব্যয়, জননিরাপত্তা এবং অভিবাসন ইস্যু জর্জা মেলোনি সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের পর ইতালির এই গণঅসন্তোষ পুরো ইউরোপজুড়েই নতুন অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দিচ্ছে।

