বার্সেলোনা ছেড়েছেন পাঁচ বছর আগে। তবে কাতালান ক্লাবটির ইতিহাসে লিওনেল মেসির অবদান যে এখনো কতটা গুরুত্বপূর্ণ, তা আবারও স্পষ্ট হলো নতুন এক ঘটনায়। ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জেতায় আর্জেন্টাইন মহাতারকাকে অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনা।
শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোতে পুরস্কার গ্রহণ করেন মেসি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অভিনন্দনবার্তায় বার্সেলোনা জানায়, মেসির অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি পুরোপুরি প্রাপ্য। মাঠে ও মাঠের বাইরে তার অবদান স্থায়ী ছাপ রেখে গেছে। খেলাধুলার প্রতি অঙ্গীকার, শ্রেষ্ঠত্ব ও মানবিক সংহতির মাধ্যমে বিশ্ব ফুটবলে অনন্য মানদণ্ড স্থাপন করেছেন তিনি।
মেসির সঙ্গে নিজেদের দীর্ঘ সম্পর্কের কথাও স্মরণ করেছে কাতালান ক্লাবটি। বার্সেলোনার ভাষ্য, মেসির সাফল্যে ভরা ক্যারিয়ারে ক্লাবটি ছিল তার জীবন ও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। এই অবিচ্ছেদ্য বন্ধন ক্লাবের ঐতিহ্যের অংশ হয়ে থাকবে। বার্সেলোনার সঙ্গে মেসির সম্পৃক্ততা সব সময়ই তাদের গর্বের উৎস।
মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দিয়েছিলেন মেসি। এরপর ক্লাবটির মূল দলের হয়ে টানা ১৭ মৌসুম খেলেন তিনি। বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করার পাশাপাশি জিতেছেন ৩৫টি ট্রফি। তার পারফরম্যান্সে ক্লাবটি জিতেছে চারটি চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লা লিগা শিরোপা।
তবে ২০২১ সালে আর্থিক সংকটের কারণে বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টানতে হয় মেসিকে। কান্নাভেজা সংবাদ সম্মেলনে বিদায় নেওয়ার সেই মুহূর্ত এখনো সমর্থকদের স্মৃতিতে অমলিন। এরপর প্যারিস সেন্ট জার্মেইয়ে দুই মৌসুম কাটিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি।
বার্সেলোনা ছাড়ার পরও ক্লাবটির ইতিহাসে মেসির অবস্থান যে অটুট, নতুন অভিনন্দনবার্তায় তা আবারও ফুটে উঠেছে। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি কাতালান ক্লাবটির সাফল্যগাথার সঙ্গেও তার নাম চিরকাল জড়িয়ে থাকবে।

