দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্যারিবীয়রা। এরই মধ্যে সিরিজের প্রথম টেস্ট দেখতে দর্শকদের জন্য বিনামূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২৮ অক্টোবর মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচের পাঁচ দিন, অর্থাৎ ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনামূল্যে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা।
তবে এই সুবিধা স্টেডিয়ামের সব গ্যালারির জন্য প্রযোজ্য নয়। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এলাকায় বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকছে না।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই ম্যাচের এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

