
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন। কৃষি, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও পানি ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চনপার্ক এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শন শেষে কারিগরি বিষয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের সুবিধা দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ পাবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় সাত কোটি মানুষ এ প্রকল্পের সুফল পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রকল্প বাস্তবায়নে সাহসী উদ্যোগ নিয়েছেন। নির্বাচনের আড়াই মাসের মাথায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যয় হবে ৩৫ হাজার কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে ব্যয় ধরা হয়েছে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা।
নদীতীরবর্তী এলাকার মানুষ দীর্ঘদিন ধরে প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের জীবনমানের উন্নয়ন এবং জাতীয় স্বার্থেই পদ্মা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৪ সালে প্রকল্পটির উদ্যোগ নিয়েছিলেন। ২০১৬ সালের মধ্যে পদ্মা ব্যারেজের কাজ শেষ হবে বলে তখন আশা করা হয়েছিল। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে প্রকল্পটি বাস্তবায়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করবে বলেও জানান তিনি।
প্রকল্পের কাজ এগিয়ে নিতে পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে উদ্যোগ নেবে বলে জানান পানিসম্পদমন্ত্রী।
সভায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক হাসান মাহমুদ বলেন, পাবনার সুজানগর থেকে রাজবাড়ী জেলার সঙ্গে সংযোগ স্থাপন করে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পাবনা, রাজবাড়ীসহ ১৯টি জেলার পরিস্থিতিতে পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। দেশের এক-তৃতীয়াংশ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে বছরে প্রায় আট মাস বিদ্যুৎ উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও এ প্রকল্পের মাধ্যমে সুফল পেতে পারে। বর্ষা মৌসুমে ব্যারেজের ৭৮টি গেট খোলা রাখা হবে বলে পরিকল্পনা রয়েছে। এতে পানিপ্রবাহ ব্যবস্থাপনা সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও পানি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রকল্প পরিচালক।
অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদী, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ এবং সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলে

