জাপান সফরের তৃতীয় দিনে আজ বুধবার (২৮ অক্টোবর) ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরের এ দিনে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেওয়া এবং জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরসূচি অনুযায়ী, বুধবার বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে জাপানের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশটির খ্যাতনামা পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর প্রধান কার্যালয় পরিদর্শন করবেন তিনি।
পরিদর্শনকালে ইউনিক্লোর প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নরের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
দিনের কর্মসূচিতে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময়ও রয়েছে তারেক রহমানের। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফরের তৃতীয় দিনের কর্মসূচিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

