ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। দলীয় ৯ রানে সাজঘরে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান। জেডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ২৩ বলে ৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
তানজিদের বিদায়ে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। তার বিদায়ের পর ক্রিজে এসেছেন মুমিনুল হক। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০ রান। ১৭ বলে ১ রান নিয়ে অপর প্রান্তে ব্যাট করছেন আরেক ওপেনার সাদমান ইসলাম।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ম্যাচের আগের দিন হালকা চোট পাওয়ায় এই টেস্টে খেলতে পারছেন না মুশফিকুর রহিম। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেও চোটের কারণে একটি টেস্টে খেলতে পারেননি তিনি।
মুশফিকের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। এরপর গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সাড়ে তিন শ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে।
অন্যদিকে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ খেলছে দুই পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। একাদশে রয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার রোস্টন চেজও। এই টেস্টে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের। স্পিন বিভাগে তার সঙ্গী আরেক বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। পেস আক্রমণে রয়েছেন জেডেন সিলস ও শামার জোসেফ। একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার কিমার রোচের।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, তেজনারাইন চান্দারপল, কাভেম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান ও জেডেন সিলস।

