এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের পাঞ্জাবের জলন্ধরে অবস্থিত অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে খেলা।
বর্তমান বিশ্ব হকি র্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান ২১তম, আর বাংলাদেশের ২৭তম। র্যাঙ্কিংয়ের ব্যবধান পেছনে ফেলে মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ দল।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ অনুশীলনে হালকা রানিং ও স্ট্রেচিং সেশনের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিয়েছেন দলের খেলোয়াড়রা।
ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক বিপ্লব কুজুর ও আশরাফুল হক সাদ। আগের ম্যাচগুলোর ভুলত্রুটি শুধরে নেওয়ার বিষয়ে তারা জানান, ‘আমরা প্রতিনিয়ত নিজেদের খেলার মান আরও উন্নত করার চেষ্টা করছি। আগের ম্যাচগুলোর ঘাটতিগুলো নিয়ে কাজ করেছি। আগামীকালের ম্যাচে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে সেরাটা দিয়ে ভালো পারফর্ম করা।’

