নদীকে কেন্দ্র করে ব্যতিক্রমী একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি: The River Script’ আয়োজন করতে যাচ্ছেন দেশের বহুমুখী শিল্পী, গায়ক ও ক্রিয়েটিভ উদ্যোক্তা রাশিদ খান। আগামী ৫ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ঢাকার ঢাকা গ্যালারিতে চলবে ২১ দিনব্যাপী এই প্রদর্শনী।
প্রদর্শনীটির কিউরেশন করছেন চিত্রশিল্পী, কলা-লেখক ও কিউরেটর জাভেদ জলিল। এতে নদীকে শুধু চিত্রকলার বিষয় হিসেবে নয়, বরং সাহিত্য, সংগীত, সংস্কৃতি ও মানুষের জীবনচেতনার বহুমাত্রিক অনুষঙ্গ হিসেবে তুলে ধরা হবে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে ক্যানভাসে আঁকা চিত্রকর্মের পাশাপাশি স্থান পাবে নদীবিষয়ক সাহিত্য, নদীর কথা ও গল্প, নদীর গান এবং রূপকথা। এর মধ্য দিয়ে নদীর সঙ্গে মানুষের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আবেগিক সম্পর্কের নানা দিক তুলে ধরার চেষ্টা করা হবে।
প্রদর্শনীর ২১ দিনজুড়ে দেশের বিশিষ্ট দর্শক, চারুশিল্পী, সাহিত্যিক, কণ্ঠশিল্পী, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের উপস্থিতি থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। নির্দিষ্ট কোনো প্রথাগত সূচির বাইরে তাঁরা নদীকে ঘিরে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবনচেতনা ও নান্দনিক ভাবনা তুলে ধরবেন।
শিল্প আয়োজনের পাশাপাশি পরিবেশ ও জনসচেতনতার বিষয়টিও গুরুত্ব পাবে ‘নদীলিপি’তে। বিশেষ করে নদী রক্ষা, জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক ও মনস্তাত্ত্বিক সম্পর্ক নিয়ে দর্শকদের ভাবনার জায়গা তৈরি করতে চায় এই আয়োজন।
রাজধানীর ঢাকা গ্যালারিতে প্রতিদিন দর্শনার্থী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি। এ উপলক্ষে টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের মাধ্যমে আয়োজনটি তুলে ধরার উদ্যোগ নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান কুল এক্সপোজার। এ জন্য শিল্পী রাশিদ খান ও কিউরেটর জাভেদ জলিলের বিশেষ সাক্ষাৎকার এবং আগাম মিডিয়া কভারেজের আহ্বান জানানো হয়েছে।
প্রদর্শনীটি চলবে ৫ থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

