রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পৃথক এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সোবহানবাগের ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে এবং রাত সোয়া ৯টায় আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বত্তরা।

সোবহানবাগের বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনা কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কেউ হতাহত হয়নি।
অন্যদিকে, আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, একটি বিস্ফোরণের শব্দ শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

