ঢাকার আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ ঘটনায় কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা স্বাভাবিক দিনের মতো কাজে যোগ দেন। তবে নিশ্চিন্তপুর এলাকার নিউএজসহ কয়েকটি কারখানার শ্রমিকরা ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন।
পরে ওই এলাকার অনন্ত, টাউজার লাইন, হনরোল, আল মুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ ও বেঙ্গল গ্রুপসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শিল্প পুলিশ এ তথ্য জানিয়েছে।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় হামীম ও নিউএজ গ্রুপের সামনে বিক্ষোভ করতে গেলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।


