ঢাকার মাঠে আরও একবার ভারতের দাপট। চিরপ্রতিন্দ্বীদের স্রেফ হেসেখেলেই হারানোর পথে ছিল তারা। তবে পাকিস্তান যোগ করা সময়ে তিন মিনিটের ব্যবধানে করে দুই গোল। যদিও তাতে কেবল হারের ব্যবধানই কমেছে, ভারতের বিপক্ষে আরও একবার পরাজয় মেনেই মাঠ ছেড়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত। ভারতের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। জোড়া গোল করেন মুহাম্মদ সুহাইল, অন্য গোলটি মাংলেনথাং কিপগেনের। পাকিস্তানের হয়ে শেষ দিকে গোল দুটি করেন বদলি হিসেবে নামা নাজিম উল্লাহ ও আলমগীর গাজী।
সাফে এ নিয়ে দু’দুল মুখোমুখি হয়েছে মোট ১৪ বার। ভারতের জয় ৯টি। ড্র চারটি। বাকি এক ম্যাচ জিতেছে পাকিস্তান।
এদিন ম্যাচের শুরু থেকেই ভারতের আক্রমণের গতি সামলাতে হিমশিম খাচ্ছিল পাকিস্তানের রক্ষণভাগ। ফল পেতেও বেশি সময় লাগেনি। ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যায় ভারত। বাঁ প্রান্ত দিয়ে ক্ষপ্র গতিতে বক্সে ঢুকে একদম গোলমুখে বল বাড়ান মুহাম্মদ সুহাইল। বাকি কাজটা অনায়াসে সারেন সুহেল ভাট, আলতো টোকায় বল জড়িয়ে দেন ফাঁকা জালে।
৬ মিনিট পর আবারও সুহাইল-ম্যাজিক। মাঝমাঠ থেকে সুর্যবংশীর চেরা থ্রু ধরে ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢোকেন মোহনবাগান ফরোয়ার্ড। শরীরটা খানিকটা বাঁকিয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালের ডান কোণে। স্কোরলাইন দাঁড়ায় ২-০।
৩২তম মিনিটে ব্যবধান ৩-০ করেন কিপগেন। প্রায় বিনা বাধায় পাকিস্তানের রক্ষণ চিরে বল নিয়ে ঢুকে পড়েন উইঙ্গার নওফাল। বক্সে তাঁর বাড়ানো বল প্রথম স্পর্শেই নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন কিপগেন। পাকিস্তানি গোলরক্ষক ইউসুফ বাট হাত ছোঁয়ালেও বলের ঠিকানা বদলাতে পারেননি।
৩৪তম মিনিটে অবশ্য ম্যাচে ফেরার একটা সুযোগ তৈরি করেছিল পাকিস্তান। ভারতের বক্সের ভেতরে বিজয়ের ভুল ক্লিয়ারেন্স কাজে লাগাতে যাওয়া খাট্টাককে ফাউল করে বসেন সুর্যবংশী। রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু স্পট-কিক থেকে বল পোস্টের অনেক ওপর দিয়ে উড়িয়ে মেরে গোলবঞ্চিত হন শায়াক দোস্ত।
বিরতির ঠিক আগে আরও একবার গোল উৎসব করতে পারত ভারত। ৪০তম মিনিটে নওফালকে বাজেভাবে ফাউল করে হলুদ কার্ড দেখেন পাকিস্তানি ডিফেন্ডার আলী জেব। পরের মিনিটেই কর্নার থেকে বাইলাইনে দারুণ ড্রিবলিংয়ে মার্কারকে পরাস্ত করে বক্সে ক্রস বাড়ান কিপজেন। তবে নওফালের ভলি রুখে দিয়ে কোনোমতে দলের চতুর্থ গোল হজম হওয়া ঠেকায় পাকিস্তানের রক্ষণ।
বিরতির পর ফিরে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। তবে গোলের দেখা পেতে দলটিকে অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। ৯০ মিনিট শেষে বদলে যায় ম্যাচের চিত্র। যোগ করা সময়ের প্রথম মিনিটে বাঁ প্রান্ত থেকে জুনায়েদ শাহর বাঁকানো ক্রসে বক্সে লাফিয়ে উঠে হেড করেন নাজিব উল্লাহ। তাঁর হেডে ব্যবধান কমায় পাকিস্তান (৩–১)।
তিন মিনিট পর আবারও প্রতিপক্ষের জাল কাঁপায় পাকিস্তান। ৯৪ মিনিটে ডান দিক থেকে বদলি খেলোয়াড় মিকাইল আবদুল্লাহর বাড়ানো ক্রস পেনাল্টি বক্সের মাঝখানে পেয়ে ডান পায়ের দর্শনীয় শটে জালে পাঠান আলমগীর গাজী। গোলরক্ষক আরশ শেখের কিছুই করার ছিল না।
মুহূর্তেই জমে ওঠে ম্যাচ। সমতায় ফেরার আশায় শেষ মুহূর্তে আক্রমণে ঝাঁপায় পাকিস্তান। তবে আর গোল পায়নি তারা। শেষ পর্যন্ত ৩–২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

