
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছেন পেসার হাসান মাহমুদ। হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত তা হাতছাড়া হয় তাঁর।
প্রথম দিনের প্রায় পুরোটা সময় বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আমির জাঙ্গু। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্যাটার ১১১ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন। জাস্টিন গ্রিভসকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনেও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি।
তবে নতুন বল হাতে নিয়েই ম্যাচের চিত্র পাল্টে দেন হাসান মাহমুদ। প্রথমে অফ স্টাম্পের বাইরে পিচ করা বল ভেতরে ঢুকিয়ে জাঙ্গুকে বোল্ড করেন তিনি। পরের বলেই বাড়তি বাউন্সে পরাস্ত করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে। টানা দুই বলে দুই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা।
হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল হাসানের সামনে। পরের বলেই নতুন ব্যাটার জোশুয়া বিশপকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। বাংলাদেশের আবেদনে আম্পায়ার আসিফ ইয়াকুব আঙুল তুলে দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ। রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লাগার আগে তাঁর ব্যাটে হালকা স্পর্শ করেছিল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ২৮৯ রান। জাস্টিন গ্রিভস ৫১ এবং জোশুয়া বিশপ ১৫ রান নিয়ে ব্যাট করছেন।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের দুই পেসার। হাসান মাহমুদ শিকার করেছেন চার উইকেট। অন্যদিকে তাসকিন আহমেদের ঝুলিতে রয়েছে দুটি উইকেট।

