সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে আগ্রহী প্রার্থীদের আবেদন শুরু হচ্ছে আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোয়েসেলের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।
আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করা যাবে।
আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration
প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বোয়েসেল জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই প্রার্থীদের কোনো অর্থ ব্যয় করতে হবে না। তাই এ নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।


