প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন না সাদমান ইসলাম

স্পোর্টস ডেস্ক
1 Min Read

সিলেট টেস্টে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়া সাদমান ইসলাম প্রথম ইনিংসে ব্যাট করতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি স্ক্যান করানো হয়েছে। মনে হয়েছে তাঁর একটা ইনজুরি আছে। আগামীকাল স্ক্যানের রিপোর্ট পাবো। তারপর বিস্তারিত জানা যাবে, কতোদিন লাগতে পারে। এই মুহূর্তে তিনি প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই।’


সাদমানের চোট পাওয়ার ঘটনাটি ঘটে দিনের শুরুর এক ঘণ্টা না পেরোতেই। মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন আমির জাঙ্গু। সীমানার দিকে ছুটে যাওয়া বল আটকাতে পিছু নেন সাদমান। নিচু হয়ে বলটি থামাতে গিয়ে তাঁর বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। মুহূর্তেই তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন বাঁহাতি ব্যাটার।


ফিজিও দ্রুত মাঠে নেমে প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার উন্নতি হয়নি। হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় সাদমানকে। পায়ের ব্যথা ও তীব্র ফোলার কারণে হাঁটতে পারছিলেন না তিনি, যেতে হয় স্ট্রেচারে করে। ড্রেসিং রুমে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর শেষ পর্যন্ত তাঁকে নেওয়া হয় হাসপাতালে।

সাদমানের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রথম ইনিংসে ওপেন করেছেন নাঈম হাসান। জায়দেন সিলসের ওভারে আউট হওয়া এই ক্রিকেটার ৬ বল খেলে ৫ রান করতে সক্ষম হন। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে করেছে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে।

সংবাদটি শেয়ার করুন