
প্রবাসের মাটিতে নিজ এলাকার মানুষের সঙ্গে দেখা হয়ে আবেগাপ্লুত হয়েছেন আবু আহম্মেদ সেলিম মিয়া। মালদ্বীপের হিমাফুশি আইল্যান্ডে গিয়ে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের মানুষের সঙ্গে সাক্ষাৎকে তিনি নিজের জন্মভূমির এক টুকরো প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন।
গতকাল হিমাফুশি আইল্যান্ডে নবগ্রামের প্রবীণ ব্যক্তি মরহুম আবুল হোসেন হাসেম মিয়ার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় পারিবারিক সৌহার্দ্য, স্মৃতিচারণ ও এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
সাক্ষাৎকালে এলাকার উন্নয়ন, মানুষের প্রত্যাশা এবং আসন্ন স্থানীয় নির্বাচন নিয়েও মতবিনিময় হয়। বিশেষ করে ৩ নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মরহুম আবুল হোসেন হাসেম মিয়ার দ্বিতীয় পুত্রবধূ এবং মো. সেলিম মিয়ার সহধর্মিণীকে মনোনয়নের বিষয়ে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করেন আবু আহম্মেদ সেলিম মিয়া।
এ বিষয়ে পরিবারের সদস্যদের মতামত, পরামর্শ ও প্রত্যাশা শোনেন তিনি।
আবু আহম্মেদ সেলিম মিয়া বলেন, যেকোনো সামাজিক কিংবা জনপ্রতিনিধিত্বমূলক উদ্যোগ গ্রহণের আগে পরিবারের পরামর্শ, এলাকার মানুষের মতামত এবং সমাজের সচেতন ব্যক্তিদের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এলাকার উন্নয়ন, মানুষের কল্যাণ এবং পারস্পরিক ঐক্য ও ভালোবাসা ধরে রাখা সবার সামাজিক দায়িত্ব।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণ, নারীর অংশগ্রহণ, মানুষের অধিকার এবং এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
প্রবাসে থাকলেও নিজের শিকড়, আত্মীয়তা ও জন্মভূমির মানুষের প্রতি ভালোবাসা কখনো কমে না উল্লেখ করে তিনি বলেন, হিমাফুশি আইল্যান্ডে গিয়ে তাঁর মনে হয়েছে, এটি যেন মালদ্বীপের বুকে এক টুকরো নবগ্রাম, এক টুকরো কবিরহাট, এক টুকরো নোয়াখালী।

