হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর)। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এই পূজা অনুষ্ঠিত হয়। শ্যামা মায়ের পূজা ও দীপাবলি উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে চলছে নানা আয়োজন। উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস।
বাঙালি সংস্কৃতিতে কালীপূজা ও দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। আলোর উৎসব হিসেবে পরিচিত দীপাবলিকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ‘দীপাবলি’ এবং অবাঙালি হিন্দুরা ‘দিওয়ালি’ নামে অভিহিত করেন। ধর্মীয় এই উৎসব ‘দীপান্বিতা কালীপূজা’ নামেও পরিচিত।
অশুভ ও অকল্যাণের প্রতীক অন্ধকার দূর করে শুভ ও কল্যাণ প্রতিষ্ঠার প্রত্যয়ে শত শত বছর ধরে এই উৎসব পালন করে আসছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এ তিথিতে কালীপূজা উদ্যাপন করেন।
পঞ্জিকা অনুযায়ী, রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়েছে। এ তিথি শেষ হবে আগামীকাল সোমবার বেলা ১১টা ৫৮ মিনিটে।
সাধারণত মধ্যরাতে কালীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। একই তিথিতে অনেকেই লক্ষ্মীপূজাও করে থাকেন। কালীপূজার দিন সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করেন। এ সময় প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করা হয়।
শ্যামাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগ থানাধীন শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

