
টানা দুই দিনের ছুটি শেষে কাজে ফিরেছেন শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাকশ্রমিকরা। বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষের পর কমিশন ঘোষিত বেতন কাঠামো কার্যকর হওয়ার প্রেক্ষাপটে কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
রোববার সকাল থেকেই হাজার হাজার শ্রমিককে কর্মস্থলে ফিরতে দেখা যায়। কেউ পায়ে হেঁটে, কেউ অটোরিকশায়, আবার কেউ কারখানার নিজস্ব পরিবহনে কর্মস্থলের উদ্দেশে রওনা হন।
এর আগে বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়া, সাভার, গাজীপুর ও মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়াসহ বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের কারণে অধিকাংশ কারখানায় কর্মবিরতি শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় মালিকপক্ষও কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে।
এদিকে শ্রমিক অসন্তোষের ঘটনায় আশুলিয়া থানায় ১৬ জনের নাম উল্লেখ করে ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩ হাজার ৬৮২ জনকে। মামলাগুলোতে এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম পিপিএম (সেবা) এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে আশুলিয়ার পরিস্থিতি শান্ত রয়েছে। কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।
শ্রমিক অসন্তোষের পুনরাবৃত্তি ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি।

