পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বাণী পাঠ করে শোনানো হয়।
অনুষ্ঠানে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও সিপাহী-জনতার ঐক্যের গুরুত্ব তুলে ধরে দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংকটকালে ৭ নভেম্বরের গণঅভ্যুত্থান সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি সুদৃঢ় করার অনন্য নজির সৃষ্টি করেছিল।
অনুষ্ঠানে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান বলেন, “৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব স্বাধীনতা সুরক্ষার ইতিহাসে এক ঐতিহাসিক বাঁক।” তিনি ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করে একটি মর্যাদাপূর্ণ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় দূতাবাসের পদস্থ কর্মকর্তা, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

