সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দূতালয় প্রধান তৌহিদ ইমামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জনতা ব্যাংকের ইউএই অপারেশনসের সিইও মোহাম্মদ কামরুজ্জামান, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আবুধাবি বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল বশর সিআইপি, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম, সারোয়ার আলম ভুট্টো, নুর হোসেন সুমন, মাওলানা আবুল কালাম আজাদ, মিজানুর রহমান সোহেল, শাখাওয়াত হোসেন বকুল ও জিয়া উদ্দিন বাবুল।
আলোচনায় বক্তারা ৫১ বছর আগে দেশের এক ক্রান্তিলগ্নে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহী-জনতার বিপ্লব, দেশ ও জনগণের স্বার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে বিপ্লব ও সংহতির প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি জাতিকে মুক্তির লড়াইয়ে ঐক্যবদ্ধ করেছিলেন, সাড়ে চার বছর পর আরেক সংকটের ভোরে তিনিই আবার জাতির সামনে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধের সব শহীদ এবং দেশের জন্য জীবন উৎসর্গকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতিনিধি, আবুধাবি বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

