গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সরকারের চলতি মেয়াদে তিনটি পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে। এসব সমিতির মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা পাবেন। আজ জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজমুল হুদার লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ’, ‘সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ এবং ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন’।
এসব প্রকল্পের মাধ্যমে সমবায়ভিত্তিক সংগঠন গড়ে তোলার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

