লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু হলো আর্জেন্টিনা জাতীয় দলের। তবে সেই যাত্রার শুরুটা সুখকর হয়নি লিওনেল স্কালোনির দলের। নিজেদের মাঠ লা বোম্বোনেরায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
শুক্রবার (১৩ নভেম্বর) বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়ের হয়ে গোল করেন লিওনার্দো বালের্দি (আত্মঘাতী) ও ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। আর্জেন্টিনার একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ।
মেসির অনুপস্থিতি শুধু মাঠের খেলায় নয়, গ্যালারিতেও স্পষ্ট ছিল। সাধারণত মেসির উপস্থিতিতে আর্জেন্টিনার ম্যাচে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা গেলেও এবার লা বোম্বোনেরার গ্যালারি ছিল অনেকটাই ফাঁকা। ৬০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রত্যাশিত দর্শক উপস্থিতি দেখা যায়নি।
ম্যাচের প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে আর্জেন্টিনা মোটামুটি ভালো খেললেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে সমস্যায় পড়ে। নিকো পাজের একটি ভালো প্রচেষ্টা উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্তোফার ফিরমারিন ঠেকিয়ে দেন। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় উরুগুয়ে। ৪৮ মিনিটে জর্জিয়ান দে আরাস্কায়েতার ফ্রি-কিক থেকে তৈরি হওয়া পরিস্থিতিতে লিসান্দ্রো মার্তিনেসের ক্লিয়ার করতে যাওয়া বল লিওনার্দো বালের্দির গায়ে লেগে নিজেদের জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা।
এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। দে আরাস্কায়েতার নেওয়া কর্নার থেকে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর হেডে বল জালে জড়ায়। ফলে ৫৩ মিনিটেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।
৭৩ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। এরপর সমতায় ফেরার চেষ্টা চালালেও উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে উরুগুয়ে।
মেসির বিদায়ের পর নতুন করে দল সাজানোর চ্যালেঞ্জ এখন স্কালোনির সামনে। বিশেষ করে আক্রমণভাগে সৃজনশীলতা, শেষ পাস এবং প্রতিপক্ষের রক্ষণ ভাঙার ক্ষেত্রে মেসির রেখে যাওয়া শূন্যতা পূরণ করা সহজ হবে না। মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সিটিও এই ম্যাচে কাউকে দেওয়া হয়নি।
এই হারের পর ঘুরে দাঁড়ানোর সুযোগ অবশ্য দ্রুতই পাচ্ছে আর্জেন্টিনা। আগামী মঙ্গলবার কর্দোবায় কোস্টারিকার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে একই দিনে ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে খেলবে উরুগুয়ে।

