
অবৈধ অভিবাসীকে ফেডারেল কর্মকর্তাদের হাত থেকে পালাতে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক বিচারক হান্না ডুগানকে কারাদণ্ড না দিয়ে ৫ হাজার ডলার জরিমানা করেছেন আদালত। বুধবার উইসকনসিনের মিলওয়াকি কাউন্টি সার্কিট কোর্টের সাবেক এই বিচারকের সাজা ঘোষণা করা হয়।
এর আগে বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে ফেডারেল জুরি হান্না ডুগানকে দোষী সাব্যস্ত করে। রায় ঘোষণার সময় ডুগান দাবি করেন, তিনি আদালতের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেছিলেন। তাঁর আইনজীবীরা তাঁকে নিষ্ঠাবান ও খ্রিস্টান মূল্যবোধে বিশ্বাসী সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন। ইতিপূর্বে রিপাবলিকান আইনপ্রণেতারা তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নিলে গত জানুয়ারিতে তিনি পদত্যাগ করেন।
মার্কিন উপ-অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, “হান্না ডুগান অভিবাসন আইন প্রয়োগে বাধা দিয়ে তাঁর শপথ ও জনগণের বিশ্বাস ভঙ্গ করেছেন। এই রায় স্পষ্ট বার্তা দেয় যে আমেরিকানরা আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল।”
অভিযোগ অনুযায়ী, ডুগান তাঁর আদালতের বাইরে অবস্থানরত মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (ICE) এবং এফবিআই কর্মকর্তাদের মুখোমুখি হন। এরপর ৩১ বছর বয়সী মেক্সিকান নাগরিক এদুয়ার্দো ফ্লোরেস-রুইজকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচাতে আদালতের একটি ব্যক্তিগত জুরি দরজা দিয়ে বের করে দেন। অবশ্য ফেডারেল এজেন্টরা পরে ধাওয়া করে ওই মেক্সিকান নাগরিককে গ্রেপ্তার করেন। প্রসিকিউটররা জানান, ফ্লোরেস-রুইজকে এর আগেও সীমান্ত দিয়ে মেক্সিকোতে ফেরত পাঠানো হয়েছিল এবং ২০২৫ সালের নভেম্বরে আইসিই তাকে আবারও বহিষ্কার করে।

