
‘Don’t Miss a Beat’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, মিরপুরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। পরে হাসপাতালের অডিটোরিয়ামে হৃদরোগ প্রতিরোধ ও সুস্থ জীবনযাপন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক কে এম মনিরুল আলম আল মামুন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন।
ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, মিরপুরের পরিচালক অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, হৃদরোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। হৃদযন্ত্র সুস্থ রাখতে স্বাস্থ্যকর ও পরিমিত খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি।
হৃদরোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে হাসপাতালগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি রোগীদের মানসম্মত ও আন্তরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
আলোচনা সভায় বক্তারা হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রম এবং ধূমপান পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি হৃদরোগের লক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনের সময় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে কার্ডিওলজি কনসালটেন্ট ডা. রহমাতুল্লাহ আসিফ, ডা. সৌমেন চক্রবর্তী, ডা. সাকিফ শাহরিয়ার ও ডা. মতিউর রহমান, চিফ কো-অর্ডিনেটর ও কার্ডিয়াক সার্জন ডা. মো. সাখাওয়াত হোসেন শাকিল এবং চিফ কার্ডিয়াক সার্জন ডা. এস. এম. জাকির খালেদসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

