ভোক্তাপর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ অক্টোবর) বিকেলে নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এর আগে সেপ্টেম্বরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে এ সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা।
বিইআরসির নির্ধারিত নতুন দরে ৫.৫ কেজির সিলিন্ডারের দাম ৮৪২ টাকা, ১২.৫ কেজির ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজির ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজির ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ কেজির দাম ২ হাজার ৭৫৫ টাকা।
এ ছাড়া ২০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৬১ টাকা, ২২ কেজি ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ও সংশ্লিষ্ট ব্যয়ের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এ দাম নির্ধারণ করা হয়। নতুন দর পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

