জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি বা দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আগের দিন থেকেই কুষ্টিয়ায় ছিলেন এবং জেলার বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেছেন। তার দাবি, এ সময় বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ তার সঙ্গে কোনো ঝামেলায় জড়ায়নি।
তিনি বলেন, রোববার রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির নেতাকর্মীদের নিয়ে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজারে যান। সেখানে অবস্থানরত কয়েকজনের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনার সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।
রাশেদ খাঁন আরও দাবি করেন, বিষয়টি জানতে পেরে তিনি কুষ্টিয়ার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর মাজারে যাওয়ার বিষয়টি প্রশাসনের কাউকে জানানো হয়নি।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নাসীরুদ্দীন পাটওয়ারী পুলিশি নিরাপত্তায় কিছুটা পথ গিয়ে গাড়ি পরিবর্তন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ নিয়ে তিনি প্রশ্নও তোলেন।
রাশেদ খাঁন বলেন, ঝিনাইদহের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী সঙ্গে সঙ্গে থানায় গেলেও কুষ্টিয়ার ঘটনায় কেন পুলিশের নিরাপত্তা থেকে সরে গিয়ে দ্রুত স্থান ত্যাগ করলেন, তা নিয়ে সন্দেহ রয়েছে।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।
পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর ঘটনার বিষয়ে এজাহার দিতে তিনি কুমারখালী থানার উদ্দেশে রওনা হন।

