সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্যজীবনের ইতি ঘটছে। পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রোববার রাতে নিজেদের ফেসবুক পোস্টে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান দুজন। পরে যোগাযোগ করা হলে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন শেহতাজ।
প্রীতম তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।’
কেন এমন সিদ্ধান্ত নিতে হলো, সেটিও জানিয়েছেন প্রীতম। তাঁর ভাষ্য, সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা।
শেহতাজও তাঁর ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। প্রায় এক দশকের পথচলার পর পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি সম্মান ও শুভকামনা থাকবে বলেও জানিয়েছেন শেহতাজ।
জীবনের এই পরিবর্তনের সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি বিষয়টি সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনার অনুরোধ করেছেন তাঁরা।
প্রীতম ও শেহতাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় একসঙ্গে কাজ করতে গিয়ে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন শেহতাজ। ২০১৭ সালে গানটির কাজের সময় তাঁদের পরিচয়, পরে সেই সম্পর্ক প্রেমে গড়ায়।
দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ।
বিয়ের পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও ভাগ করে নিয়েছেন তাঁরা। চলতি বছরের জানুয়ারিতেও জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল প্রীতম ও শেহতাজকে।
তবে ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। কাছের মানুষদের মধ্যেও তাঁদের আলাদা হয়ে যাওয়ার আলোচনা ছিল। শেষ পর্যন্ত রোববার রাতে দুজনই প্রকাশ্যে জানালেন, দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

