শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নতুন করে সরকারি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। ওই দিনের ছুটির পরিবর্তে ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে। এর ফলে পূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। এর বিপরীতে ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস খোলা থাকবে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। আগে ২২ অক্টোবর সরকারি অফিস খোলা থাকার কথা ছিল।
মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তের ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর টানা তিন দিন পূজার ছুটি থাকবে। এর পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মোট পাঁচ দিনের ছুটি পাবেন।
মন্ত্রিসভার অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

