
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ করেছেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের নেতারা। মঙ্গলবার (৬ অক্টোবর) সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তর ‘নির্বাচন সদন’-এর দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটকে দেয়। এ সময় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতা কেসি বেনুগোপালসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বিরোধী সাংসদদের হাতে ছিল ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার। এ সময় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। বিরোধীদের প্রধান দাবি, তাকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে দিতে হবে।
নির্বাচন কমিশনের দপ্তরের দিকে যাওয়ার পথে পুলিশ তাদের আটকে দিলে রাস্তায় অবস্থান নেন রাহুল গান্ধী। তার সঙ্গে অবস্থান বিক্ষোভে যোগ দেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধীসহ ইন্ডিয়া জোটের একাধিক সাংসদ। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি ও কল্যাণ ব্যানার্জিকেও বিক্ষোভে দেখা যায়।
বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা নিয়ে অনিয়ম হচ্ছে এবং ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এসব অভিযোগ সামনে রেখেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ইন্ডিয়া জোট।
বিক্ষোভ ঘিরে নির্বাচন কমিশনের দপ্তর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ। মোতায়েন করা হয় আধাসামরিক বাহিনীর সদস্যদেরও। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে রাখেন।
বিক্ষোভের একপর্যায়ে রাহুল গান্ধীকে পুলিশের ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ করতে দেখা যায়। কয়েকজন বিরোধী সাংসদও ব্যারিকেড টপকে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করেন।
পুলিশের বাধার মুখে নির্বাচন কমিশনের দপ্তর থেকে প্রায় ২০০ মিটার দূরে রাস্তায় অবস্থান নেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী সাংসদরা। পরে একে একে কয়েকজন সাংসদকে আটক করে পুলিশ।
ইন্ডিয়া জোট সূত্রে জানা গেছে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি আগেই ঠিক করা হয়েছিল। গত সপ্তাহে বিরোধী দলগুলোর বৈঠকের পর থেকেই এ নিয়ে আলোচনা চলছিল।
এসপি সাংসদ রাজীব রাইয়ের দাবি, ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তার ভাষ্য, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রায় ১৫ হাজার ভোটারের তথ্য তিনি জমা দিয়েছেন। তবে ওই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মঙ্গলবারের কর্মসূচিতে ইন্ডিয়া জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দল ডিএমকে ও আম আদমি পার্টির (আপ) উপস্থিতি ছিল না। এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে নয়াদিল্লির বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।

