
ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হরমনপ্রীত কৌর। মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন বিশ্বকাপজয়ী এই তারকা।
তবে অধিনায়কত্ব ছাড়লেও ভারতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী হরমনপ্রীত। সম্প্রতি তাঁর নেতৃত্বেই এশিয়ান গেমসে নারী ক্রিকেটের সোনা ধরে রেখেছে ভারত। ২০২৫ সালে তাঁর নেতৃত্বেই ভারত প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে।
হরমনপ্রীতের এই সিদ্ধান্ত এসেছে বিসিসিআইয়ের একটি পর্যালোচনা বৈঠকের পর। গুয়াহাটিতে হওয়া ওই বৈঠকে ভারতীয় নারী দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, হরমনপ্রীত, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদার।
ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে হরমনপ্রীতের জায়গায় তিন ফরম্যাটেই স্মৃতি মান্ধানাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে হরমনপ্রীত জানান, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটি তাঁর জন্য সহজ ছিল না। দীর্ঘদিনের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং নানা কঠিন মুহূর্তের কথা উল্লেখ করে তিনি বলেন, দলকে এগিয়ে নিতে গিয়ে অনেক সময় নিজের ব্যক্তিগত পারফরম্যান্স, উন্নতি ও কিছু ব্যক্তিগত লক্ষ্যকেও পিছনে রাখতে হয়েছে।
অধিনায়ক হিসেবে নেওয়া কঠিন সিদ্ধান্তগুলোর পেছনে তাঁর মূল লক্ষ্য ছিল দলকে আরও শক্তিশালী করা এবং সতীর্থদের নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ করে দেওয়া।
হরমনপ্রীতের নেতৃত্বের সময়ে ভারতীয় নারী ক্রিকেটে এসেছে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য। ২০২৫ সালে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। এরপর ২০২৬ সালের এশিয়ান গেমসেও সোনা ধরে রাখে দলটি।
২০১৬ সালে ভারতীয় টি-টোয়েন্টি দলের পূর্ণকালীন অধিনায়ক হন হরমনপ্রীত। ২০২২ সালে মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওয়ানডে দলের নেতৃত্বও তাঁর হাতে আসে। পরে তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক হন তিনি।
অধিনায়ক হিসেবে হরমনপ্রীত পাঁচটি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ১৫৫টি টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন।
তাঁর পোস্টের বার্তা ছিল স্পষ্ট, অধিনায়কত্বের অধ্যায় শেষ হলেও ক্রিকেটযাত্রা থামছে না। বরং এবার কোনো নেতৃত্বের চাপ ছাড়াই শুধুমাত্র খেলার প্রতি ভালোবাসা থেকে মাঠে নামতে চান তিনি।
ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হরমনপ্রীত। তাঁর বিশ্বাস, দল এখন ভালো জায়গায় রয়েছে এবং সামনে আরও উজ্জ্বল সময় অপেক্ষা করছে। তাই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেও দলের অংশ হিসেবে সেই ভবিষ্যতের পথচলা দেখতে চান তিনি।
হরমনপ্রীত সতীর্থ, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, বিসিসিআই, পরিবার ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। অধিনায়কত্ব শেষ হলেও ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা এবং দেশের হয়ে খেলার ইচ্ছা আগের মতোই থাকবে বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

