ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রায় ৯ ঘণ্টা ধরে চলা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ বিরোধী জোটের একাধিক নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার রাতে দিল্লির আকাশবাণী ভবনের সামনে থেকে তাদের একটি বাসে তুলে উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্প পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘একতরফা’ সিদ্ধান্ত এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় ‘অনিয়মের’ অভিযোগ তুলে এই বিক্ষোভের আয়োজন করে কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট।
আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে বিরোধী জোটের বিপুলসংখ্যক নেতা, সংসদ সদস্য, নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কংগ্রেস কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে সরিয়ে নিয়ে যাচ্ছে।
এর আগে মঙ্গলবার দুপুরেও রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে সাময়িকভাবে আটক করা হয়েছিল। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তাদের পুলিশের একটি বাসে তোলা হয়। পরে কিছু সময় পর তাদের বাস থেকে নামতে দেখা যায়।
আকাশবাণী ভবনে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশনের কার্যালয় মাত্র ৫০ মিটার দূরে হলেও তাদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সঠিকভাবে নির্বাচন পরিচালনা করা। অন্তত ৩০০ জন সংসদ সদস্য প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চান। কিন্তু তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না।
রাহুল প্রশ্ন তোলেন, জনপ্রতিনিধিরা যদি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে না পারেন, তাহলে গণতন্ত্রের অর্থ কী?
সন্ধ্যায় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের আগে কংগ্রেস জানিয়েছিল, প্রধান নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য দলটির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
কংগ্রেসের একটি সূত্রের দাবি, নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা আগামী এক বা দুই দিনের মধ্যে বৈঠকের আশ্বাস দিলে রাহুল গান্ধী চলমান অবস্থান কর্মসূচি তুলে নিতে পারেন। তবে বৈঠকে ৩০০ জন সংসদ সদস্যকে অংশ নেওয়ার সুযোগ দেওয়াই তার শর্ত।
নির্বাচন কমিশনের অবস্থান
মঙ্গলবার রাত ৯টার দিকে দেওয়া এক বিবৃতিতে ভারতের নির্বাচন কমিশন জানায়, প্রচলিত নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে বৈঠকের জন্য সময় চেয়ে আবেদন করতে হয়। এরপর সম্মত সময় অনুযায়ী বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিশনের দাবি, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত এমন কোনো আনুষ্ঠানিক অনুরোধ তারা পায়নি।
বিবৃতিতে বলা হয়, বিকেল ৪টার পর নির্বাচন কমিশন যখন সংসদ সদস্যদের পক্ষ থেকে আসা প্রস্তাবটি বিবেচনা করছিল, তখন দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) জানান, প্রস্তাবিত বৈঠকে ২৪০ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। বৈঠকটি পার্লামেন্ট হাউস অ্যানেক্সে আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়।
নির্বাচন কমিশন এই প্রস্তাবকে ‘অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে। কমিশনের ভাষ্য, প্রচলিত প্রোটোকল অনুযায়ী এ ধরনের বৈঠক নির্বাচন কমিশনের কার্যালয়ের ভেতরেই অনুষ্ঠিত হওয়ার কথা।

