মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (INTAC) ২০২৬’-এ অংশ নিয়ে নিজেদের পর্যটনসেবা, সক্ষমতা ও ব্যবসায়িক কার্যক্রম তুলে ধরেছে মালয়েশিয়ায় নিবন্ধিত ট্রাভেল এজেন্সি মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিএইচডি।
২ থেকে ৪ অক্টোবর কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ আয়োজনে ৩৫ দেশের ১৫৪ জন প্রদর্শক অংশ নেন। পর্যটন, শিল্প ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটন গন্তব্য, সেবা, ঐতিহ্য ও ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরা হয়।
আন্তর্জাতিক পর্যটন বাজারে মালয়েশিয়াকে গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটকদের জন্য ভ্রমণ পরিকল্পনা, ট্যুর প্যাকেজ ও পর্যটনসেবা নিয়ে কাজ করার আগ্রহ তুলে ধরে মাইশা ট্রাভেল। একই সঙ্গে মালয়েশিয়া থেকে বাংলাদেশে পর্যটক আনা এবং দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়েও আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিন্টু এমডি ইসহাক বলেন, “আমার এখানে এসে খুব ভালো লাগছে। বাইরে থেকে অনেক বড় বড় কোম্পানি এসেছে। আমরাও চাই মালয়েশিয়া থেকে কিছু ইনভেস্টর বাংলাদেশে নিয়ে গিয়ে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারি। সেটাই আমরা চাই।”
তিনি বলেন, আন্তর্জাতিক এ ধরনের আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে। এর ফলে ভবিষ্যতে পর্যটনসেবা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা সম্ভব হবে।
এদিকে INTAC’26-এ টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং ট্রাভেলটেক প্রতিষ্ঠান M360 ICT-এর উদ্যোগে দুটি বুথে দেশের পর্যটন সম্ভাবনা, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রযুক্তিনির্ভর পর্যটনসেবা তুলে ধরা হয়।
প্রদর্শনীর শেষ দিনে বাংলাদেশ বুথে বিদেশি পর্যটকদের পাশাপাশি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদেরও ভিড় দেখা যায়। দর্শনার্থীদের কাছে দেশের পর্যটন গন্তব্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাবার ও ভ্রমণসুবিধা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।
প্রথম দিন বাংলাদেশ বুথ পরিদর্শন করেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বাংলাদেশের পর্যটন খাতে যে বিস্তৃত সম্ভাবনা রয়েছে, তা মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও সংস্কৃতিকেও এখানে উপস্থাপন করা হয়েছে।”
হাইকমিশনার আরও বলেন, “আমার সঙ্গে থাকা শিল্পীরা চমৎকার পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতিকে দেশি-বিদেশি দর্শনার্থীদের সামনে তুলে ধরেছেন। আমরা আশা করছি, এ ধরনের আন্তর্জাতিক মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটনের যে সম্ভাবনা রয়েছে, তা আরও ব্যাপকভাবে মালয়েশীয়দের সামনে তুলে ধরা সম্ভব হবে।”
বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতির পাশাপাশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সেবা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।
তিনি বলেন, “এখানে আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে, সেগুলো তুলে ধরেছি। যারা এখানে এসেছেন, তারা প্রথমেই জানতে চেয়েছেন বাংলাদেশ সম্পর্কে কোথায় কোথায় যাওয়া যায়, কোন জায়গাগুলো কেমন।”
প্রণব কুমার ঘোষ বলেন, “আমাদের যোগাযোগব্যবস্থা থেকে শুরু করে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং খাবারের বৈচিত্র সবকিছুই বিদেশি অতিথিদের সামনে তুলে ধরেছি। বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তাদের কাছে পরিচিত করতে চেয়েছি।”
প্রদর্শনীর ওপেন স্টেজে বাংলাদেশের পর্যটনবিষয়ক ভিডিওচিত্র প্রদর্শনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের একটি দল দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা করে। এসব পরিবেশনা দেশি-বিদেশি দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।
এর আগে বাংলাদেশ বুথ পরিদর্শন করেন মালয়েশিয়া পর্যটন বোর্ডের ডেপুটি ডিরেক্টর জেনারেল মোহদ আকবাল সেতিয়া। তিনি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করেন। INTAC’26-এ পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণকে ব্যবসায়িক যোগাযোগ ও দীর্ঘমেয়াদি সহযোগিতা তৈরির সুযোগ হিসেবে তুলে ধরা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, INTAC-এর মতো আন্তর্জাতিক আয়োজন শুধু পর্যটন গন্তব্য প্রচারের ক্ষেত্রেই নয়, ট্রাভেল এজেন্সি, পর্যটনসেবা প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনে মাইশা ট্রাভেলের অংশগ্রহণ প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক পর্যটন বাজার সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন, ব্যবসা ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

