আজ শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ব ডিম দিবস। ডিমের পুষ্টিগুণ ও সুস্বাস্থ্যে এর ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দেশে ডিমের উৎপাদন বাড়লেও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মাথাপিছু প্রাপ্যতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। ২০৩০ সালের মধ্যে বছরে মাথাপিছু ডিমের প্রাপ্যতা ২০৮টিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এবার বিশ্ব ডিম দিবসের প্রতিপাদ্য ‘প্রোটিন শক্তি জোগায় ও সুরক্ষা দেয়’। ডিমের উচ্চমানের সম্পূর্ণ প্রোটিন, পুষ্টিগুণ, সহজলভ্যতা এবং খাদ্যনিরাপত্তায় এর ভূমিকা তুলে ধরতে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এক সম্মেলনে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এগ কমিশন (আইইসি) বিশ্ব ডিম দিবস পালনের ঘোষণা দেয়। এরপর থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার দিবসটি পালিত হচ্ছে। সে হিসাবে এবার ৩০তম বিশ্ব ডিম দিবস।
দেশে বছরে ডিম উৎপাদন ২ হাজার ৫০৯ কোটি
প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ২ হাজার ৫০৯ কোটি ৪১ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। বর্তমান উৎপাদনের ভিত্তিতে বছরে মাথাপিছু ডিমের প্রাপ্যতা প্রায় ১৪০টি। ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ২০৮টিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
সে হিসাবে আগামী চার বছরে মাথাপিছু ডিমের প্রাপ্যতা প্রায় ৬৮টি বাড়াতে হবে। এ লক্ষ্য অর্জনে দেশের মোট উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ নিয়ন্ত্রণ এবং খামারিদের ন্যায্য দাম নিশ্চিত করা জরুরি।
ডিএলএসের তথ্য বলছে, গত এক দশকে দেশে ডিম উৎপাদন বেড়েছে প্রায় ৬৮ শতাংশ। তবে উৎপাদন বৃদ্ধির এই ধারাকে ধরে রেখে ভবিষ্যতের চাহিদা পূরণে আরও উদ্যোগ প্রয়োজন।
ডিম উৎপাদন বাড়ানোর তাগিদ
পোলট্রি খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) জানিয়েছে, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং শিশু-কিশোরদের পুষ্টির চাহিদা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে ডিমের উৎপাদন বাড়ানো জরুরি।
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাংলাদেশে প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা এবং বিপিআইসিসি যৌথভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, সেমিনার ও আলোচনাসভা।
সংশ্লিষ্টদের মতে, ডিমের উৎপাদন ও প্রাপ্যতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যটির দাম রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে খামারিদের উৎপাদন ব্যয় কমানো ও ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে পোলট্রি খাতের টেকসই উন্নয়ন এবং পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

