বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়া। বিশেষ করে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস (Vidmantas Verbickas)।
লিথুয়ানিয়ার বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানান এফবিসিসিআইয়ের প্রশাসক। একই সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
মো. ফজলুল হক বলেন, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্য দেশে গিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা বেশ কষ্টসাধ্য। এ সমস্যা সমাধান করা গেলে দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়বে এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, লিথুয়ানিয়ার উন্নত প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে। এসব খাতে পারস্পরিক সহযোগিতা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
বৈঠকে লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার জানান, ইউরোপের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাজার সম্প্রসারণে আগ্রহী তাঁর দেশ। এ ক্ষেত্রে বাংলাদেশকে এই অঞ্চলের একটি কৌশলগত বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।
ভিসা জটিলতা নিরসনের বিষয়ে ভিডমান্টাস ভার্বিকাস জানান, ঢাকায় ভিসা সেবাকেন্দ্র চালু করা অথবা শেনজেনভুক্ত অন্য কোনো দেশের কনস্যুলেটের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজ করার উপায় খোঁজা হচ্ছে।
এ ছাড়া, আগামী বছর লিথুয়ানিয়ায় অনুষ্ঠিতব্য ‘ডিজিটেক সামিট’ এবং ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশ নিতে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ভারতে অবস্থিত লিথুয়ানিয়ার দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লুকাস কিসিয়েলিউস (Lukas Kisielius) এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক অঞ্চলবিষয়ক বিভাগের অ্যাটাশে ক্রিসটিনা বিকাউস্কাইটে (Kristina Bikauskaite)।

