সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন বেসামরিক অবকাঠামোয় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।
শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ মানুষকে লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এসব হামলা নিরীহ মানুষের জীবনের জন্য হুমকি তৈরি করার পাশাপাশি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে।
এ সংকটময় পরিস্থিতিতে সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে হুথিদের এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা।

