আবুধাবি টেস্টের প্রথম দিনে দাপুটে ব্যাটিংয়ের পরও বড় সংগ্রহ গড়তে পারল না বাংলাদেশ। ২২১ রানে ২ উইকেট থেকে মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৪৬ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় দিন শনিবার (১০ অক্টোবর) আগের দিনের ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের শুরুতে বাকি ২ উইকেটে আরও ২৯ রান যোগ করতে পেরেছে তারা। শেষ দুই উইকেটে ৪১ রান যোগ করার পথে ব্যাট হাতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন নাঈম হাসান। ৬৭ বল খেলে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। তবে অন্য প্রান্তে যোগ্য সঙ্গী পাননি নাঈম।
আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সেলিম সাফি। তিনি নিয়েছেন ৪ উইকেট। ইয়ামিন আহমদজাই ৩টি, ইসমত আলম ২টি এবং কাইস আহমদ একটি উইকেট শিকার করেছেন।
এর আগে প্রথম দিনে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় বাংলাদেশ। মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ হাসান তামিম। সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
অন্য ওপেনার সাদমান ইসলাম করেন ৬৭ রান। এ ছাড়া লিটন দাস ৫৩, মুমিনুল হক ৩৯ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯ রান করেন।
একপর্যায়ে ২২১ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ শেষ আট উইকেটে যোগ করতে পেরেছে মাত্র ১২৫ রান। ফলে দারুণ শুরুর পরও ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি।


