ভারতের মুম্বাইয়ে বিক্ষোভ চলাকালে বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে পুলিশ। শনিবার শহরের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাঁকে আটক করা হয়। ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত বিক্ষোভে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা।
আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ইমরান খান। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘দেখা যাচ্ছে, আমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে।’
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের জন্য আগস্ট ক্রান্তি ময়দান নির্ধারণ করা হয়েছিল। তবে মুম্বাই পুলিশের দাবি, ওই কর্মসূচি আয়োজনের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ আয়োজনের অনুমোদিত স্থান আজাদ ময়দান। অন্যদিকে, সিজেপির কর্মীদের দাবি, তাঁরা ই-মেইলের মাধ্যমে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন। তবে এ বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো জবাব পাননি তাঁরা।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছিলেন ইমরান খান। জুলাই মাসে একটি প্রতিবাদ মিছিলেও অংশ নেন তিনি। সে সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই অভিনেতা।

