
আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বিশ্বজুড়ে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশে কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে নানা কর্মসূচি আয়োজন করা হয়। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ, সমান সুযোগ নিশ্চিত করা এবং কন্যাশিশুদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে গুরুত্ব দেওয়া হয়।
এ বছরের প্রতিপাদ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’। বাল্যবিয়ে প্রতিরোধ এবং মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে এ ধরনের আহ্বান।
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১১ সালের ১৯ ডিসেম্বর এক প্রস্তাবের মাধ্যমে ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করে। ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
দিবসটির মূল লক্ষ্য হলো কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ নিশ্চিত করা, সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ এবং তাদের সম্ভাবনা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করা।

