বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নে যে অভিযোগ করেছিল, তদন্ত শেষ তার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (১১ অক্টোবর) সকালে তানজানিয়ায় বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্পিকার জানান, গত এপ্রিলে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আইপিইউর ১৫২তম অধিবেশনে আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে তাঁদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন। ওই অভিযোগ তদন্তে আইপিইউর সদস্যরা বাংলাদেশ সফর করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের নাম কালো তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আইপিইউর সদস্যরা বাংলাদেশের জনগণের ১৭ বছরের সংগ্রামের কথা শুনেছেন। এ বিষয়ে তাঁরা মর্মাহত হয়েছেন।
স্পিকার আরও জানান, আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এক বছরের জন্য বাংলাদেশের স্পিকার এ দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন তিনি। গত ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের সংগ্রামের বিষয়টিও বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়েছে। তাঁর ভাষ্য, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক সংগ্রাম আন্তর্জাতিক প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং অন্তর্বর্তী সরকারের সময় তৈরি হওয়া ভুল ধারণা দূর হয়েছে।
স্পিকার জানান, ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় আইপিইউর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তিনি ছাড়াও বাংলাদেশের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাহরাইন, ভুটান, কানাডা ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া আইপিইউর মানবাধিকার কমিশনের সঙ্গেও বৈঠক হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধি ও গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে বলেও মন্তব্য করেন স্পিকার।

