ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে নোমান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। প্রায় এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নোমান উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
যেভাবে ঘটনার সূত্রপাত
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবির একটি টহলদল। চোরাচালানের পণ্য জব্দ করে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় বলে দাবি করেছে বাহিনীটি।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পরও হামলা অব্যাহত থাকায় আত্মরক্ষার্থে গুলি চালান সদস্যরা। এতে এক যুবক গুলিবিদ্ধ হন এবং এক বিজিবি সদস্য আহত হন।
পরে গুলিবিদ্ধ যুবককে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক অবরোধ করে বিক্ষোভ
নোমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় লোকজন। সকালে তারা হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডের থানা রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মামলা দায়েরের প্রস্তুতি
৩৯ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে।


