জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে উত্তরায় বিক্ষোভ

বাংলাদেশ গ্লোবাল
1 Min Read

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) গ্রেপ্তারের দাবিতে রাজধানীর উত্তরায় তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁর গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তাঁরা।

‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। এ সময় তাঁরা জিএম কাদেরের বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বিক্ষোভ মিছিলে ব্যবহৃত ব্যানারে জিএম কাদেরের প্রতিকৃতি তুলে ধরা হয়। ব্যানারে লেখা ছিল, ‘জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।

বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বহু মানুষের প্রাণহানির মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এলেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ বজায় রাখছে।

বক্তারা বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি তৎকালীন সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছিল। তাঁদের দাবি, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। বিক্ষোভকারীরা জিএম কাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন