যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান ও মন্তব্য করেন কয়েকজন ব্যক্তি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের ‘ইউ আর আ টেররিস্ট’ (তুমি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (তুমি এখানে কেন এসেছ) বলতে শোনা যায়।
ভিডিওতে বিক্ষোভকারীদের ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তুলতেও দেখা যায়। পাশাপাশি বাংলাদেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
পরে সঙ্গে থাকা সহযোগীদের সহায়তায় সেখান থেকে এগিয়ে যান ড. ইউনূস।
এ ঘটনায় বিক্ষোভকারীদের পরিচয় ও তাদের বক্তব্যের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ড. ইউনূসের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

