দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। একই সঙ্গে কমেছে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৭৭৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ১২৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
এর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। নতুন সিদ্ধান্তে এই মানের স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৫৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমেছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন দাম কার্যকর থাকবে। তবে গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

