সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি দিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আই লাভ বাংলাদেশ, আই লাভ ইউএই’ শীর্ষক সৃজনশীলতা ও আর্টওয়ার্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত শনিবার আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আমিরাতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীকে আর্থিক পুরস্কার এবং গ্রেড ৪ থেকে গ্রেড ১২ পর্যন্ত ১৮ জন কৃতি শিক্ষার্থীকে আর্থিক বৃত্তি প্রদান করা হয়।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের প্রতি ভালোবাসা ও সাংস্কৃতিক পরিচয়বোধ জাগিয়ে তোলার পাশাপাশি স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও মানুষের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
তিনি বলেন, “আমিরাতের মাটিতে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুরা শিকড়ে বাংলাদেশি হয়ে স্বগর্বে লাল-সবুজের ঐতিহ্য ধারণ করবে এবং আমিরাতের সংস্কৃতি ও মানুষের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা নিয়ে বড় হবে, এটাই প্রত্যাশা।”
বিজয়ী শিশুশিল্পী ও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “দুই দেশের সুদৃঢ় বন্ধুত্বের মূল শক্তি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য।”
অনুষ্ঠান আয়োজনে ভূমিকা রাখা ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। একই সঙ্গে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, অধ্যবসায় ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, শিশু-কিশোরদের শিল্পচর্চা ও মেধার বিকাশ একটি সচেতন, সৃজনশীল এবং দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের প্রতি ভালোবাসা, সাংস্কৃতিক পরিচয়বোধ এবং আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন বক্তারা। এ উদ্যোগের জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান তাঁরা।

