শরীফুল ইসলাম, সাভার
ঢাকার সাভারে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় চীনা নাগরিক ফিলি লিহান (৫৪) ও বাংলাদেশি নাগরিক চম্পা দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৩ বালতি বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, গতকাল গভীর রাতে সাভারের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার মীন টাওয়ারে একটি অভিযোগের তদন্ত করতে যায় সাভার মডেল থানা পুলিশের একটি দল। সেখানে গিয়ে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে মদ তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ এড়িয়ে সেখানে বাংলা মদ তৈরি ও বিক্রি করে আসছিলেন তারা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

