৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
গেজেট অনুযায়ী, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে এসব প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এ গ্রেডের বেতনসীমা ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। নিয়োগ দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে।
গেজেটে নিয়োগপ্রাপ্তদের জন্য বেশ কিছু শর্ত উল্লেখ করা হয়েছে। তাঁদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে ৪৫তম বিসিএস পরীক্ষার ফল এবং প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী।
এতে আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কারও মুক্তিযোদ্ধা সনদ পরবর্তী যাচাই-বাছাইয়ে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাঁর নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
গেজেটে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

