কৃষ্ণ দে আকাশ, সিডনি: প্রবাসে বাঙালির শারদীয় আবহ ছড়িয়ে দিতে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’। অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশনের (আভা) উদ্যোগে ১০ অক্টোবর ব্ল্যাকটাউনের মারায়ং সাউথ পাবলিক স্কুলে আয়োজন করা হয় এ উৎসব। দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত চলা অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. অপর্ণা গোস্বামী।
মেলায় দিনব্যাপী ছিল নাচ-গান, ফ্যাশন শো, শিশুদের মুখে রং করার আয়োজন এবং নারীদের বিনামূল্যে আলতা পরানোর ব্যবস্থা। ‘শিবগর্জনা সিডনি’র ঢোল-তাসার পরিবেশনায় উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
বিকেল ৫টায় কাকলি মুখার্জীর নেতৃত্বে পরিবেশিত হয় বিশেষ মহালয়া অনুষ্ঠান। এতে নৃত্য পরিবেশন করেন অঙ্কিতা সিনহা রায়, মৌমিতা চৌধুরী, ঋতুপর্ণা ধর, অমৃতা পাল, প্রিয়াংশী, শ্রেয়সী ও মৌমিতা প্যাটেল।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ও রিভারস্টোন আসনে লিবারেল পার্টির প্রার্থী মোহিত কুমার এবং হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার জাতীয় সভাপতি সাই পারাভাস্তু। সন্ধ্যায় তাঁদের সম্মাননা জানানো হয়। এ ছাড়া মেলায় অংশ নেওয়া স্টল পরিচালকদের অবদানের স্বীকৃতি হিসেবে প্রত্যেককে প্রশংসাপত্র ও সুগন্ধি মোমবাতি উপহার দেন আয়োজকেরা।
সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে নাচ ও গানের পরিবেশনা শেষে রাত ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শকদের আগামী ১৭ অক্টোবর আভার শারদীয় উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
মেলার আয়োজন বাস্তবায়নে স্পনসর হিসেবে ছিল অজ ড্রিম বিল্ট (প্লাটিনাম), অ্যাডভান্স মেডিকেল প্র্যাকটিস (গোল্ড), ফোড়নের গল্প (সিলভার ও ফুড পার্টনার) এবং ইলেকট্রিফাইং অস্ট্রেলিয়া (ব্রোঞ্জ)।
আভার সভাপতি সমীর সরকার ও সম্পাদক দেবব্রত বিকাশ সাহার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এ আয়োজন। সমীর সরকার বলেন, প্রবাসে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন কমিউনিটির মানুষের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এ লক্ষ্যেই সংগঠনটি বিভিন্ন উদ্যোগ চালিয়ে যাচ্ছে।

