সাভারের একটি বালিকা মাদ্রাসায় নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার আয়েশা সিদ্দিকা রাযি বালিকা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার লিমা নিখোঁজ হয়। পরে তার পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ নিতে বৃহস্পতিবার তার বাবা-মা ও আত্মীয়স্বজন মাদ্রাসায় যান। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদেরও মারধর করা হয়। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলমগীরের বিরুদ্ধে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ নিয়ে সাংবাদিক ও নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সদস্যদের হেনস্তা করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে ওই পুলিশ কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম বলেন, মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে তাদের পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
মাদ্রাসার অধ্যক্ষ আলী আকবর কাসেমী বলেন, সাংবাদিকদের ওপর হামলায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

